বাংলা সংবাদ মাধ্যম

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর দাবিতে বায়রার সংবাদ সম্মেলন

কাইয়ুম হোসেনঃ রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যাবসায়িক স্বার্থ বিবেচনা না করে, দেশের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা। ২১ শে সেপ্টম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত, সঠিক তথ্য উপস্থাপন ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে  বায়রা সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল গফুর ভূঁইয়া। সদস্যরা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে সময়মতো বাংলাদেশি কর্মী পাঠাতে না পারলে মালয়েশিয়া অন্যান্য সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে তাদের চাহিদা পূরণ করবে। এতে বাংলাদেশ এই সম্ভাবনাময় শ্রমবাজারের সুযোগ থেকে বঞ্চিত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ থেকে পাঠানো ৪২৩টি এজেন্সির তালিকা থেকে ২৫টি মূল ও ৩১২টি সহযোগী এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া। এসব এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগোচ্ছে।

লিখিত বক্তব্যে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও বিধি-বিধান অনুসরণ করার পরও প্রতিদ্বন্দ্বী রিক্রুটিং এজেন্সিগুলো মানবপাচার ও মানি লন্ডারিংয়ের মতো মামলা-মোকদ্দমা করে শ্রমবাজার উন্মুক্তের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ২০২২ থেকে ২০২৪ মেয়াদে তালিকাবহির্ভূত কিছু এজেন্সি, যাদের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন ছিল না, তারা ডামি ডিমান্ড লেটারের মাধ্যমে তালিকাভুক্ত এজেন্সির নামে ব্যবসা করেছে। এসব এজেন্সি অন্যান্য মধ্যস্বত্বভোগীর সঙ্গে মিলে অভিবাসন ব্যয় বাড়িয়ে পুরো অভিবাসন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এতে দেশের টিআইপি র্যাংকিংসহ জনশক্তি রপ্তানি খাতের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

বক্তব্যে বলা হয়, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে অধিকসংখ্যক কর্মী নিয়োগের পাশাপাশি তাদের ন্যূনতম মূল বেতন এক হাজার ৭০০ রিঙ্গিত নির্ধারণ করেছে। এতে একজন কর্মী মূল বেতন, ভাতা, ওভারটাইমসহ মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের তুলনায় দ্বিগুণের বেশি। এ কারণে বাংলাদেশের সাধারণ কর্মীদের মধ্যে মালয়েশিয়া যাওয়ার আগ্রহ বেশি।

সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আল আকাবা অ্যাসোসিয়েট এর ব্যবস্থাপনা অংশীদার আতিকুর রহমান বিশ্বাস । সম্মেলনে উপস্থিত ছিলেন, রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ এর সভাপতি এম টিপু সুলতান, এ ওয়ান রিক্রুটিং এজেন্সিজ এর সত্বাধিকারী মোঃ হারুনুর রশিদ,ফোরাব এর সাবেক মহাসচিব এবং পূরবী ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ মহিউদ্দিন, বায়রা সদস্য ই এম এস সাগরসহ আরো অনেকে,

Leave A Reply

Your email address will not be published.